
নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন ড্যাফোডিল জুনিয়র হাইস্কুলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মঞ্জুর মোরশেদ টুটুল কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার সদস্য সচিব ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সচিব মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মো. আব্দুল ওয়াহেদ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণে নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বগুড়া জেলার কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় শিক্ষকতার মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি এবং কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।




