
মানিকগঞ্জের শিবালয়ে খাবার স্যালাইন ও ট্যাংয়ের শরবতের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে একটি পরিবারের সদস্যদের অচেতন করে সর্বস্ব লুটের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নৌকায় নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন: নরসিংদীর রায়পুরা উপজেলার শোবুদ্দিন উত্তরপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. শফি ওরফে মিলন (৪০) এবং একই উপজেলার হাটভাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. শুকুর আলী (৪০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শিবালয় উপজেলার বৈষ্টমিরচর এলাকায় মনো ফকিরের বাড়িতে পূর্বপরিচিত ওই দুই ব্যক্তি যান। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে গৃহকর্তা লালন ফকির (৪০) ও তাঁর মা আলেক জান (৬০)-কে খাবার স্যালাইন ও ট্যাংয়ের শরবতের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যান।
পরদিন সকালে নৌকায় নদী পার হওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেন। পরে গুরুতর অসুস্থ লালন ফকির ও আলেক জানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আটক দুজনকেও চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্য শামীম জানান, প্রায় তিন বছর আগে টমেটো বিক্রির সূত্রে ওই দুই ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তারা এর আগেও ওই বাড়িতে এসেছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




