বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে সম্পদ হিসেবে দেখা। অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন করা। স্বাস্থ্য ও শিক্ষা এই দুটি বিষয়কে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। এসব ক্ষেত্রে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের কাজ হচ্ছে তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আজকে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।
মুশফিকুর রহমান বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফল অনেকাংশেই শিক্ষকদের ওপর নির্ভর করে। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও বেশি পরিশ্রম করার অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন,প্রাথমিক শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সদস্য খন্দকার বিল্লাল হোসেন,সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল,উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
পরে এসএসসি, দাখিল ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে তাদের অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পরে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি আলহাজ্ব মুশফিকুর রহমান আখাউড়া উপজেলা পরিষদের নবনির্মিত ভবন এবং বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।