নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ যেখান থেকে শনাক্ত!
নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারে রাজশাহীতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ল্যাপটপটির অবস্থান কয়েক দফায় শনাক্ত করা গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ল্যাপটপটির সর্বশেষ অবস্থান নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত হওয়ার পর সেখানে থাকা ট্রেনেও তল্লাশি চালানো হয়।
চুরি যাওয়া মালামালের সন্ধানে বৃহস্পতিবার রাজশাহীতে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার সাংবাদিকদের বলেন, কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।
তিনি বলেন, সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।
পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে ক্রিল ল্যান্ডার বলেন, তার জিনিসপত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। এ সময় এক ব্যক্তির কাছে নিজের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রেখে যান তিনি। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে টাকা তুলে ফিরে এসে তিনি দেখতে পান, ওই ব্যক্তি ও তার ব্যাগ- দুটিই নেই। ব্যাগে ছিল ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই পর্যটক। পরে ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে রাত ১১টার দিকে ক্রিল ল্যান্ডার রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখায়।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ল্যাপটপটির অবস্থান শনাক্তের পর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে অবস্থানেরও কোনো পরিবর্তন দেখা যায়নি। পরে ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।
ওসি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির অবস্থান নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত হয়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল। পরে রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালায়। তবে ল্যাপটপ বা ক্যামেরার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাফিজুর রহমান বলেন, এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।