ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্বকে রাজনৈতিক হেনস্থার প্রতিবাদে নাচোলে সংবাদ সম্মেলন ​
নাচোলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক দুস্থ নারীর মাঝে শাড়ী বিতরণ
নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান ​
নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান  ​
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বুধবার (১৪ অক্টোবর) পরিদর্শনকালে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবীর নিকট ২০০টি ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন। ​পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ইউএইচএফপিও ডা. ফারহানা নবীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম।​ এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ​পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সকল বিভাগ, ওয়ার্ড এবং চারপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, হাসপাতালের সকল স্টাফকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এতে সেবা নিতে আসা রোগীদের চিকিৎসার মান বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হবে। দায়িত্বে অবহেলার কোনো অভিযোগ উঠলে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও যোগ করেন, বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেজন্য সকল পক্ষকে একযোগে ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। ​বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে আসা সম্ভাব্য রোগীদের দ্রুত চিকিৎসা ও পরীক্ষা নিশ্চিত করতে ২০০টি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে নাচোল উপজেলার ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ​সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী এমপি মহোদয়ের এই সময়োপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন,আমরা দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রয়াস থাকলে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।" সভা শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়। ​মূল বার্তা: জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের অঙ্গীকার—সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা।
নাচোলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি মিজানুর রহমানের ​
নাচোলে সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​
নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ 
নাচোলে সরকারি কল্যাণ তহবিলের অনুদান পেলেন অসহায়রা
নাচোলে বিশেষ অনুদানের চেক, নগদ অর্থ ও ফুটবল বিতরণ  ​

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন মন্ত্রণালয়ের কল্যাণ তহবিল ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এককালীন আর্থিক অনুদানের চেক, নগদ অর্থ এবং ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়া ক্লাবে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে এ অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২  আসনের সংসদ ড. মু. মিজানুর রহমান। ​অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকেও চেক ও বিশেষ অনুদান প্রদান করা হয়। ​এর মধ্যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩২ জন আদিবাসীর মাঝে মোট ৪০ হাজার টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১৫ জনের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা এবং ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবে খেলার সামগ্রী  বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসীদের প্রতিনিধি বিধান সিং এবং অনুদানপ্রাপ্ত সুবিধাভোগীগণ।   

নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। "শিক্ষকদের পাশে দাঁড়াই, পেশা সুরক্ষার ৬০ বছর: মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ ড. মু. মিজানুর রহমান বলেন, "একটি আদর্শ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকতার পেশাগত মর্যাদা রক্ষা ও তাঁদের উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।" ​অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, দাবী-দাওয়া ও পেশাগত সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়া, ইউএইচএফপিও ডা ফারহানা নবী, অধ্যক্ষ ওবাইদুর রহমান, এবং প্রধান শিক্ষক তাজামুল হক ও আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ​আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ উপজেলার ৫ জন গুণী শিক্ষককে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

নাচোলে পরিচিতি কার্ড বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই পরিচিতি কার্ড বিতরণ সভার আয়োজন করা হয়। ​নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও শ্রমিকদের মাঝে কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান। ​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, "চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রমিকরা দেশ ও বিদেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন।" আগামীতেও এই সম্মান ও সুনাম ধরে রাখার জন্য তিনি শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।  তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি শ্রমিক সদস্যের সাথে সর্বদা পরিচিতি কার্ড থাকা অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন স্থানে কাজ করতে যাওয়ার সময় শর্তসাপেক্ষে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে করে কোনো শ্রমিক হয়রানির শিকার হবেন না। পাশাপাশি শ্রমিকরা যেকোনো সমস্যায় পড়লে প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। ​বিশেষ অতিথির বক্তব্যে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এই পরিচিতি কার্ড ব্যবহারের বিভিন্ন সুফল তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ​উল্লেখ্য, নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আওতায় প্রায় এক হাজার সদস্য রয়েছে। আয়োজকরা জানান, এই পরিচিতি কার্ড বিতরণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের পেশাগত নিরাপত্তায় তা বিশেষ ভূমিকা রাখবে।

জলবায়ু সংকট ও আদিবাসীদের মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের যৌথ সংলাপ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তীব্র খরাপ্রবণ এলাকা চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর পরিবেশগত মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষায় সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক এক 'মিডিয়া ডায়ালগ' (মতবিনিময় সভা) অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় আমনুরা লুথারেন মিশন হাসপাতাল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​‘পরিবেশগত মানবাধিকার ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে বে-সরকারি উন্নয়ন ও সেবামূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রেজুলেশন’ (এনএজিআর/NAGRI)। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ​সংলাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মিডিয়া ডায়ালগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএজিআর-এর নির্বাহী পরিচালক স্টিফান সরেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল অঞ্চলে বৃষ্টিপাতের চরম অনিয়মিততা এবং তীব্র খরায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন সাঁওতাল, ওঁরাও, কোল, তুরি, রাজোয়াড় ও মাহালী সম্প্রদায়ের আদিবাসী মানুষ এবং প্রান্তিক নারী ও যুব সমাজ। বিশেষ করে আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও অস্তিত্ব রক্ষায় তাদের ভূমির অধিকার রক্ষা করা এখন সময়ের দাবি। এই সংকট কাটিয়ে উঠতে স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে।” উপস্থাপিত তথ্যে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন এবং নাচোল উপজেলার নাচোল ও নিজামপুর ইউনিয়নের মোট ২৭টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে সরাসরি ২,৭১৬ জন এবং পরোক্ষভাবে ১১,৩৬২ জন প্রান্তিক মানুষকে জলবায়ু অভিযোজন, সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষা আন্দোলনে সম্পৃক্ত করা হচ্ছে। এর মধ্যে সুবিধাভোগীদের ৭০ শতাংশই নারী ও যুব সমাজ এবং ন্যূনতম ৩০ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। সংলাপে এনএজিআর-এর কর্মকর্তা ও কর্মীবৃন্দ জলবায়ু ন্যায়বিচার (Climate Justice) প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG - ১৩, ১৫ ও ১৬) অর্জনে বেশ কিছু দাবি ও উদ্যোগের ওপর জোর দেন: ১. স্থানীয় সরকারের বাজেটে জলবায়ু সংবেদনশীল বরাদ্দ বৃদ্ধি। ২. ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে 'কমিউনিটি সিএসও' (CSO) গঠন। ৩. স্কুল পর্যায়ে শিক্ষার্থী ফোরাম গঠন। ৪. আদিবাসী সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। ​অনুষ্ঠানে মুক্ত আলোচনা শেষে সাংবাদিক ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা এই প্রান্তিক জনগোষ্ঠীর সংকট, মানবাধিকার ও ভূমির অধিকারের কথা জাতীয় ও স্থানীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন: ৫ হাজার চারা রোপণের  উদ্বোধন ​

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে ৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ​রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নাচোল সদর ইউনিয়নের আমজোয়ান, ভাতসা পুকুরপাড়ে ও ভাতসা গ্রাম থেকে বাইপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ সড়কের দুই ধারে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রোপীত চারার মধ্যে রয়েছে মেহগনি এবং ঔষধি। ​বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের আয়োজনে অনুষ্ঠিত এ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস। ​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম এবং স্থানীয় সুবিধাভোগী দলের সদস্যবৃন্দ। ​কর্মসূচির বিষয়ে বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম জানান, নিয়ম অনুযায়ী এলাকার ভূমিহীন, দুস্থ, বিধবা ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিয়ে ২৫ সদস্য বিশিষ্ট ‘উপকারভোগী সমিতি’ বা দল গঠন করা হয়েছে।  স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বিএমডিএ-এর মধ্যে উপকারভোগীদের নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বৃক্ষ পরিপক্ক হওয়ার পর তা বিক্রয়লব্ধ আয়ের ৭০ শতাংশ পাবেন উপকারভোগীরা, ১০ শতাংশ পাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, ১০ শতাংশ বিএমডিএ এবং ১০ শতাংশ জমা থাকবে পুনঃবনায়ন তহবিলে।  এছাড়া বিক্রির মোট আয় থেকে আলাদা রাখা এই ১০ শতাংশ টাকা পরবর্তীতে উক্ত স্থানে পুনরায় নতুন চারা রোপণের কাজে ব্যবহার করা হবে। ১৫ থেকে ২০ বছরের মধ্যে এই বাগানটি পরিপক্ক হলে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে শর্ত অনুযায়ী টাকা প্রদান করা হবে। ​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, “অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়নের মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং রাস্তার ধারে সবুজ বেষ্টনী তৈরি করা। এছাড়া সুবিধা ভোগীদের স্বাবলম্বী করে তোলা। এতে একদিকে যেমন প্রকৃতির সুরক্ষা হবে, অন্যদিকে স্থানীয় দরিদ্র ও ভূমিহীন পরিবারগুলো সরাসরি সুফল পাবে। গাছের সঠিক পরিচর্যা ও পাহারার দায়িত্বও এই উপকারভোগীদের ওপর ন্যস্ত থাকে, যা তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।”  এছাড়াও উপকার ভোগীরা মধ্যবর্তী ফসল হিসেবে গাছের চারা ছোট থাকা অবস্থায় চারা গাছের ফাঁকে শাকসবজি বা স্বল্প মেয়াদি ফসল চাষ করে তাৎক্ষণিক আয় করতে পারেন। সে সুযোগ রাখা হয়েছে। ​অনুষ্ঠান শেষে আমজোয়ান-বাইপুর সড়কের দুপাশে চারা রোপণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

নাচোলে জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত ​

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা যুব বিভাগের উদ্যোগে নানা আনুষ্ঠানিকতা, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নাচোলের নান্দনিক পর্যটন কেন্দ্র দামুস বিল (I ❤️ NACHOLE) প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে এলাকার শতাধিক যুবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রানবন্ত রূপ নেয়। ​শনিবার ১২ সেপ্টেম্বর দিনব্যাপী সমাবেশে সভাপতির বক্তব্যে নাচোল পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ রায়হান আলী যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত নায়েবে আমীর অ্যাডভোকেট মোঃ শফিক এনায়েত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আজকের যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণদের আধুনিক কম্পিউটার ও আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা নিজেদের ও দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে পারবে।" ​বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার সম্মানিত আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বলেন, "নাচোলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও গতিশীল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তরুণদের সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। সমাজ থেকে মাদক, দুর্নীতি, ঘুষ ও সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দাঁড়াতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" ​সমাবেশে বিশেষ আমন্ত্রণে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ। ​দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে যুবকদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি আকর্ষণীয় প্রীতি বনভোজনের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী যুবকদের মাঝে মূলক পুরস্কার বিতরণ করা হয়। যুবকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়বদ্ধতা, সুদৃঢ় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় যুব সমাবেশ।

নাচোলে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

​নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। এ উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে নাচোল উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত খেলা শেষে  অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। ​প্রতিযোগিতায় হ্যান্ডবল বালক বিভাগে উজিরপুর দাখিল মাদ্রাসা ৩-২ গোলে বায়পুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বায়পুর উচ্চ বিদ্যালয় রানার্স আপ অর্জন করে। অপরদিকে, হ্যান্ডবল বালিকা বিভাগে পীরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ​উপজেলার ৫৩টি হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। হ্যান্ডবল ছাড়াও কাবাডি ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে বালক ও দাবা, বালিকাদের জন্য খেলা অনুষ্ঠিত হয়। ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান এবং সহ-সভাপতি ওমর ফারুক। ​প্রধান অতিথি প্রিয়াংকা দাস তার বক্তব্যে উপজেলা পরিষদের মাঠকে খেলার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষকদের নিয়মিত খেলাধুলা বিষয়ে ক্লাস নেওয়ার আহ্বান জানান। ​অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।  

আরও
X