দেশে কবে থেকে রোজা শুরু হবে ও কোন রাতে সেহরি খেতে হবে, তা জানা যাবে আজ (বুধবার)। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদ দেখা গেলে সেই তথ্য জানাতে ফোন নম্বরও দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, বুধবার চাঁদ দেখা গেলে দেশে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে। বুধবার রাতে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন। আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে।
মন্তব্য করুন








