শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে দুপুরে স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।
এ সময় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু কয় তারিখ, ২০ তারিখ’, ‘শহীদ রুদ্র শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘হাইকোর্ট দিয়ে শাকসু বন্ধ করা যাবে না’ এমন নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসিনার আমলে পেশিশক্তির বলে দীর্ঘ কয়েক দশক ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া হয়নি। এখনো একটা গোষ্ঠী নিজেরা দেউলিয়া হয়ে নানান অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না।
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিট আবেদনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা রয়েছে। এ অবস্থায় শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে রিটে উল্লেখ করা হয়। ২০ জানুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন








