প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর নীরব স্রোতকে সঙ্গী করে এক সময় যে নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট ছিল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মানুষের বিনোদন ও প্রশান্তির ঠিকানা, আজ সেটিই পড়ে আছে চরম অবহেলায়। উপজেলার চন্ডিপুর এলাকায় পানগুছি নদীর তীরঘেঁষে গড়ে ওঠা এই পার্কটি, সংস্কার ও তদারকির অভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে তার প্রাণচাঞ্চল্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্দুরকানী উপজেলায় অবস্থিত শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট আজ চরম অবহেলা ও অযত্নের শিকার। এক সময় যে পার্কটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, আজ তা যুগোপযোগী সংস্কার ও নিয়মিত তদারকির অভাবে ধ্বংসের মুখে। বালিপাড়া-চন্ডিপুর এলাকার পানগুছি নদীর তীরঘেঁষে নির্মিত এই পার্কটি স্থানীয়ভাবে একটি ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছিল। নদীর শান্ত স্রোত, শীতল বাতাস আর সারিবদ্ধভাবে লাগানো বিভিন্ন প্রজাতির গাছগাছালি মিলিয়ে তৈরি হয়েছিল এক মনোরম পরিবেশ, যা অল্প সময়ের মধ্যেই এলাকাবাসীর পাশাপাশি আশপাশের উপজেলা ও জেলা থেকে আসা দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছিল।
পার্কটি নির্মাণের পর থেকে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষজন এখানে পিকনিক করতে আসতেন। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে পার্কটি হয়ে উঠত বেশ মুখর। কেউ কেউ এখানে এসে সারাদিন অবসর সময় কাটাতেন, আবার অনেকে প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তি খুঁজে নিতেন। কিন্তু সেই চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পিরোজপুরের তৎকালীন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
তবে পার্কটি নির্মাণ ও উন্নয়নের জন্য সরকারি কোনো নির্দিষ্ট বরাদ্দ না থাকায় শুরু থেকেই এর পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব হয়নি। প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে পার্কটির জৌলুস হারিয়ে যেতে থাকে।
দীর্ঘদিন পর সম্প্রতি গত বছরের অক্টোবর মাসে পার্কটিতে সীমিত পরিসরে সংস্কারকাজ শুরু করা হয়। কিছু অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আংশিক মেরামত করা হলেও তা পর্যটকদের পুনরায় আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই সংস্কার কার্যক্রম কেবল নামমাত্র, যা পার্কটির প্রকৃত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
দর্শনার্থী ও স্থানীয়রা মনে করেন, নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্টটি সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত বরাদ্দ পেলে ইন্দুরকানী উপজেলার একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ ঘটবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে। তারা দ্রুত সময়ের মধ্যে পার্কটির পূর্ণাঙ্গ সংস্কার, নিয়মিত তদারকি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, এই পার্কটিতে ইতোপূর্বে অনেক ধরনের প্রকল্প ছিল। পর্যটন স্পটটি যেন আরও চাঞ্চল্য করা যায় সে জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, ওয়াশ রুম ব্যবহার হয় না। এটা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন








