ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
নেছারাবাদে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের উদ্বোধন
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, নেছারাবাদে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান  
নেছারাবাদে পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান  
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি কলেজ ক্যাম্পাসে পর্যটন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে লুডু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে কলেজের হলরুমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক কাবিল মিঞা, সহযোগী অধ্যাপক মো. মনজুরুজুল ইসলাম এবং স্বরূপকাঠি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পর্যটন বিকাশে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে লুডু প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মানসিকতা গড়ে তোলা এবং আনন্দমুখর সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।
নেছারাবাদের মিয়ারহাট বাজারে দুই ফার্মেসিকে জরিমানা
নেছারাবাদে মোবাইল কোর্টে দুই ফার্মেসিকে জরিমানা
নেছারাবাদে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
নেছারাবাদে নার্সারি শিল্পে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন
নেছারাবাদে প্রশাসনের উচ্ছেদ অভিযান

খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের নেতৃত্বে শুরু হয়েছে স্থাপনা অপসারণ। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি পয়স্তি জমি দখল করে নির্মাণ করা একটি দ্বিতল ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুর ১২টার দিকে উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিহারী মৌজায় এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, বালিহারী মৌজার একটি খাল ভরাট করে সরকারি পয়স্তি জমিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে ‘সুতা রফিক’ নামে পরিচিত, একটি দ্বিতল ভবন নির্মাণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নজরে এলে সরকারি জমি উদ্ধারে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। সুটিয়াকাঠি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. সানাউল হক উচ্ছেদ মামলা রুজুর জন্য নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদের কাছে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠান। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ উচ্ছেদ মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পিরোজপুরের কাছে পাঠান। জেলা প্রশাসক উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুবাইয়াত ফেরদৌসকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টার দিকে রেভিনিউ ডেপুটি কালেক্টর রুবাইয়াত ফেরদৌসের নেতৃত্বে ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে সরকারি পয়স্তি জমি দখলমুক্ত করতে নির্মিত ভবনটির অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রশাসনের এই কার্যক্রমের ফলে সরকারি জমি উদ্ধারের পাশাপাশি খাল ও সরকারি জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে বলে স্থানীয়রা আশা করছেন।

নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে খাল, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকাল ১০টায় স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খালে এ অভিযানের উদ্বোধন করা হয়। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, বিএনপির থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, রেড ক্রিসেন্ট এর পরিচ্ছন্নতা কর্মী এবং গণমাধ্যমকর্মীরা। অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খাল, নালা ও আশপাশের পানি জমে থাকা স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় অংশগ্রহণকারীরা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ পরিদর্শন করেন।

নেছারাবাদে মাদকসহ  স্বামী স্ত্রী গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক ব্যবসায়ী শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) এবং তার বর্তমান স্বামী মো. সাখাওয়াত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিল্পী বেগম ওরফে ফাতেমা নেছারাবাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর স্বরূপকাঠি এলাকার মৃত ফারুক মোল্লার মেয়ে। তার স্বামী মো. সাখাওয়াত হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং এলাকার মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আউড়িয়া এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে নেছারাবাদ থানার এসআই নুরুন্নাহারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইদেলকাঠি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক উত্তম মিস্ত্রির ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিল্পী বেগম ওরফে ফাতেমা ও মো. সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, গ্রেপ্তার শিল্পী বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণ সাপেক্ষ। এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান।

নেছারাবাদে ইয়াবাসহ দুইজন আটক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার আগ মুহূর্তে নেছারাবাদ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জনৈক মালেক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. মাহাবুব মিয়া (৩৮) ও মো. রুবেল ব্যাপারী (৩৫)-কে ইয়াবাসহ আটক করা হয়। ইয়াবা, যা সাধারণত মাদকসেবীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত, সমাজে একটি বড় সমস্যা সৃষ্টি করছে। এই মাদকের ব্যবহার তরুণ প্রজন্মের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। আটক মাহাবুব মিয়া বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে। অপর আটক রুবেল ব্যাপারী জগন্নাথকাঠী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে। নেছারাবাদ থানা পুলিশের এএসআই রিয়াদ ও তার সঙ্গীরা অভিযানটি পরিচালনা করেন। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের সভাপতি মো. শাহনেওয়াজ সানু (মাস্টার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে মো. শাহনেওয়াজ সানু (মাস্টার) বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়; এটি দলের আদর্শ, লক্ষ্য ও জনগণের প্রতি দায়িত্বের কথা স্মরণ করার দিন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ থাকা এবং গণতান্ত্রিক আন্দোলনে শান্তিপূর্ণভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, নৌ-যান শ্রমিকরা দেশের যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ বিভিন্ন সময়ে তারা নানা ধরনের সমস্যা ও বঞ্চনার শিকার হন। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও
X