ধোঁকায় মানুষের জীবন ক্ষয় হয়। জীবন ধ্বংস হয়। সম্মান ভূলুণ্ঠিত হয়। ধোঁকার ফাঁদে পড়ে পৃথিবীর অনেক ইতিহাসের বাঁক বদল হয়েছে। অনেক রাষ্ট্রের সম্ভাবনাময় উজ্জ্বল আলোর ঝলমলে ভবিষ্যৎ নষ্ট হয়েছে। তাই মানুষের কল্যাণের ধর্ম ইসলাম ধোঁকাবাজিকে চিরতরে নিষিদ্ধ করেছে। ইসলামে নবী মুহাম্মদ (সা.) ঘোষণা করেছেন, ‘ধোঁকাবাজ আমার উম্মত নয়।’ হাদিসে আছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়। আর যে আমাদের ধোঁকা দেবে সেও আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৪)
মুহাম্মদ (সা.) উম্মতের প্রতি ধোঁকাবাজি না করার উদার্থ আহ্বান জানিয়েছেন। কাউকে ধোঁকা নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা পরস্পরকে হিংসা করবে না, একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করবে না, সুপ্তদোষ সন্ধান করবে না, গুপ্ত ভুল-ভ্রান্তি অনুসন্ধান করো না এবং পরস্পরকে ধোঁকায় ফেলবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৪৩২)
ধোঁকায় পাপ লেখা হয়
ছলচাতুরি করেও কাউকে ধোঁকা দেওয়া যাবে না। মায়ের জন্য সন্তানকে সান্তনার ছলেও ধোঁকা দেওয়া নিষেধ। পশু-পাখিকেও ধোঁকা দেওয়া পাপ। ধোঁকায় সৃষ্টির মন ভাঙে। বিশ্বাস চৌচির হয়। জীবন বিপদে পড়ে। ধোঁকা দেওয়া মিথ্যাচারের মতো। ধোঁকায় মিথ্যাচারের পাপ লেখা হয়।
আব্দুল্লাহ ইবনে আমির (রা.) বলেন, ‘একদিন রাসুল (সা.) আমাদের ঘরে বসাবস্থায় আমার মা আমাকে ডেকে বলেন, ‘এই যে, এসো, তোমাকে দেব।’ রাসুল (সা.) তাকে প্রশ্ন করেন, ‘তাকে কি দেওয়ার ইচ্ছা করেছ?’ তিনি বলেন, ‘খেজুর।’ রাসুল (সা.) তাকে বলেন, ‘যদি তুমি তাকে কিছু না দিতে, তাহলে এ কারণে তোমার আমলনামায় একটি মিথ্যার পাপ লেখা হতো।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৯১)
কিয়ামত দিবসে ধোঁকাবাজির অবস্থা
ধোঁকার জালে বন্দি হয়ে মানুষ সর্বস্ব হারিয়েছে। নিঃস্ব হয়েছে জীবন থেকে। প্রাণবায়ু বেরিয়েছে বিশ্বাসঘাতকতার মায়াজালে পড়ে। বিশ্বাসঘাতকতা ইতিহাসের চরিত্রে কালেপা লেপন করেছে। ইতিহাসের মোড় পাল্টে দিয়েছে। ধোঁকাবাজকে কিয়ামতের দিনে সবাই চিনবে। তার দেহ বিশ্বাসঘাতকতা অনুযায়ী উঁচু থাকবে। সবচে বড় ধোঁকাবাজ হচ্ছে, জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করে। যে জনগণের বিশ্বাস ভাঙে। তাদের সঙ্গে করা প্রতিশ্রুতির বরখেলাপ করে। সাইদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ধোঁকাবাজের জন্য কিয়ামতের দিনে একটি পতাকা থাকবে। আর তা তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে। সাবধান, জনগণের শাসক হয়ে যে বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর নেই।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৪৩০)
ধোঁকাবাজি শয়তানের কাজ
শয়তান মানুষের রক্তের শিরা-উপশিরায় চলে। মানুষকে সবসময় খারাপ কাজে লিপ্ত রাখতে চায় সে। তার কাজই মানুষকে ধোঁকায় ফেলে আল্লাহবিমুখী করে রাখা। আর শয়তানের ধোঁকায় পড়া ব্যক্তি আমলে, সত্য ও সভ্যতায় শক্তিশালী হতে পারে না। শয়তানের প্রিয় সেই ব্যক্তি যাকে সে সবচে বড় ধোঁকায় ফেলতে পারে। বড় ধোঁকাবাজি লোকটার ঘাড়ে সওয়ার হওয়া শয়তানও তার মালিক ইবলিশের কাছে প্রিয়মুখ। হাদিসে আছে, ইবলিশ এমন শয়তানের সঙ্গে আলিঙ্গন করে। জাবির (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইবলিশ পানির ওপর তার আরশ স্থাপন করে বাহিনী প্রেরণ করে। এর মধ্যে তার সর্বাধিক নৈকট্য অর্জনকারী সে-ই, যে সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টিকারী। তাদের একজন এসে বলে, ‘আমি অমুক কাজ করেছি।’ সে বলে, ‘তুমি কিছুই করনি।’ অন্যজন এসে বলে, ‘অমুকের সঙ্গে আমি সব প্রকার ধোঁকার আচরণই করেছি। এমনকি তার থেকে তার স্ত্রীকে আলাদা করে দিয়েছি।’ তারপর শয়তান তাকে তার নিকটবর্তী করে নেয় এবং বলে, ‘হাঁ, তুমি খুব ভালো।’ আমাশ বলেন, ‘আমার মনে হয় তিনি বলেছেন, অতঃপর শয়তান তার সঙ্গে আলিঙ্গন করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৯৯৯)
ধোঁকাবাজ জান্নাতে যাবে না
জান্নাত হচ্ছে মুমিনের জন্য। ঈমানদারের জন্য। সৎ চরিত্র মানুষের জন্য। জান্নাতে চিরস্থায়ী সুখময় জীবন উপহার দেওয়া হবে মুমিনকে। ধোঁকাবাজ জান্নাতে যেতে পারবে না। তার জন্য জান্নাতের দরজা বন্ধ। ধোঁকার হৃদয় জান্নাতে প্রবেশের ন্যূনতম যোগ্যতা হারিয়ে ফেলে। আবু বকর সিদ্দিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো কৃপণ, ছদ্মবেশধারী ধোঁকাবাজ, খিয়ানতকারী ও অসচ্চরিত্র ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। প্রথম জান্নাতের দরজার কড়া নাড়বে আল্লাহ ও তাদের মনিবের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণকারী দাস-দাসী।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৩২)