ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানের জন্য সকাল থেকেই ঢাকা-১১ আসনের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।
তাসলিমা জাহান নামের এক ভোটার বলেন, আমি ভোটার হয়েছি আরও আগে। কিন্তু তখন কোনো ভোট দেইনি। এবারই আমার প্রথম ভোট। গতকাল থেকে মুখিয়ে ছিলাম কখন যে ভোট দিতে আসব। এখানে এসে দেখি সবার মধ্যে অন্যরকম এক উৎসব কাজ করছে।
তিনি বলেন, আমাদের পরিবারে সাতজন ভোটার। এতদিন ভোট দেওয়ার সুযোগ ছিল না। যাদের জন্য এমন সুযোগ হয়েছে তাদের কথা তো সবাইকে মনে রাখতে হবে।
মুসলিমা বেগম নামে মধ্যবয়সি আরেক ভোটার বলেন, আজ ভোট দিতে এসে মনে হচ্ছে কোনো আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছি। সবার মধ্যে কত আনন্দ। সবাই হাসিখুশি। মনখুলে কথা বলতে পারছি একে অন্যের সাথে।
তিনি বলেন, আগে ভোটের সময় এলে এক আতঙ্ক কাজ করত। এই বুঝি খারাপ কিছু ঘটে গেল এমন উৎকণ্ঠায় থাকতাম। কিন্তু এখন আর তা নেই। আমরা এমন ভোটাধিকারই চাই।
এদিকে, ঢাকা-১১ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও বিএনপি থেকে এম. এ. কাইয়ুম। এ ছাড়া গণঅধিকার পরিষদ মো. আরিফুর রহমান, ইসলামী আন্দোলন থেকে শেখ মো. ফজলে বারী মাসউদসহ আরও আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ড নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার তিনজন।
মন্তব্য করুন








