নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনি বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের দুই কর্মীকে মারধর করেন। খবরটি ছড়িয়ে পড়লে বিএনপির শতাধিক সমর্থক ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী টিপুর অন্তত আটজন সমর্থক আহত হন। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা টিপুর দুই সমর্থককে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এশিয়া পোস্টকে জানান, নির্বাচনি বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। প্রথমে পুতুল গ্রুপের দুই সমর্থককে মারধর করা হয়। যার জেরে পরবর্তীতে সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করা দুজনকে আটক করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন








