এবার একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। প্রধান উপদেষ্টা চাইছিলেন, একটি ঐতিহাসিক নির্বাচন হবে, আর আমরা এখন পর্যন্ত দেখছি সত্যিই একটি ঐতিহাসিক নির্বাচন হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারছে। আমিও সেই আনন্দের অংশ হয়ে আজ ভোট দিলাম। আশা করি, সারাদিন এভাবেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
গুজব প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, শুধু গতকাল নয়, গত ছয় মাস ধরেই নানা ধরনের গুজব শোনা যাচ্ছে—ভোট হবে না, এটা হবে, ওটা হবে। কিন্তু আজ আপনারা নিজের চোখেই দেখছেন, সুন্দরভাবে ভোট হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, আমি টেলিভিশনে দেখেছি, উভয় পক্ষই বলছে ফলাফল যাই হোক তারা তা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, তাই সবাই ফলাফল মেনে নেবে, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।
মন্তব্য করুন








