ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির পরাজিত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনের অন্তত ৩০ কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই কারচুপির উদ্দেশে ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেন। কি উদ্দেশ্যে তারা স্বাক্ষর নিয়েছেন তা সহজেই অনুমেয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলার সদস্যকে জানিয়েও ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও জানান, দুপুর ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরাও ধানের শীষের সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের বিরুদ্ধে মারমুখী আচরণ করেছে। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। জালিয়াতির মাধ্যমে ভোটে অনিয়ম করে ফলাফল টেম্পারিং করে দাঁড়িপাল্লা মার্কাকে ভোটে বিজয়ী ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








