ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় দোকান ভাঙচুর, লুটপাট ও এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা গ্রামের মো. আতিকুর রহমান তার বোন মোছা. শাহিনা শামিল নদী ও দুলাভাই মো. মিজানুর রহমান রাসেলের ওপর হামলার অভিযোগে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মাজেদ শেখ, আব্দুল মান্না শেখ মনা, সাজু শেখ, খোকন শেখ, মো. ভুট্টা শেখ, মো. ফুরকান শেখ, রাব্বি শেখ, ইভন শেখ, আ. কাদের শেখ, তাজের শেখ, নাজের শেখ ও তাইজেল শেখ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মঙ্গলপৈতা বাজারে মিজানুর রহমান রাসেলের তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করা হয়। পরদিন সকালে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে গালিগালাজ ও মারধর করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। তার স্ত্রীকেও মারধর করে স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
আহত মিজানুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








