কনকনে শীতের কবল থেকে দেশের মানুষ কিছুটা স্বস্তিতে ফিরলেও এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কুয়াশা অব্যাহত রয়েছে। বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ ডিগ্রির ঘরে। এই অবস্থায় চলতি ফেব্রুয়ারিতে আবারও ৮ ডিগ্রির ঘরে নামতে যাচ্ছে তাপমাত্রা। সেই সঙ্গে এ মাসে হানা দিতে পারে বজ্র ও শিলাবৃষ্টিও।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে চলতি মাসের শেষের দিকে অন্তত ২ দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে চলতি ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন







