নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের টাকা পেয়ে অনেকে ভিডিও করছে। আমরা দেখছি দু-একজন ফেসবুক, ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা তাদের অতীতটা জানি। নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে, খুব সুন্দরভাবে হবে। দেশের মানুষ সবাই ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন।
তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ২২ দিন বাকি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা মনে করি পরিস্থিতি যথেষ্ট ভালো।
শফিকুল আলম বলেন, নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছেন, মাঠ চষে বেড়াচ্ছেন। সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছেন। রাজনৈতিক দলগুলো গঠনমূলক ডায়ালগ করছে, যা নির্বাচনের জন্য ইতিবাচক।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি স্থাপিত হচ্ছে। আমরা আশাবাদী ভালো নির্বাচন হবে।
মন্তব্য করুন








