কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইন উপজেলার পিপলাকান্দি গ্রামের বাসিন্দা।
আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, ইমরান হোসাইন অন্য এক ভোটারের পরিচয়ে কেন্দ্রে ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে পরিচয় যাচাইয়ে অসংগতি ধরা পড়লে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জাল ভোট দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ইমরান হোসাইনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








