হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকাগুলোতে শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ডিএমপি। আগামী ২৫ জানুয়ারি থেকে এসব নির্ধারিত এলাকায় হর্ন বাজালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকা ও এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) সড়ককে গত বছরের সেপ্টেম্বর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এর অন্তর্ভুক্ত।
এতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হতে পারে।
ডিএমপি জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায়, বিশেষ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকায় এই আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মন্তব্য করুন








