প্রশ্ন : আমি রাস্তায় বিভিন্ন সময় ফলমূল ও লেবুর শরবত বিক্রি করি। কখনো এমন হয়, শরবত পান করার সময় কাস্টমারের হাত থেকে গ্লাস পড়ে ভেঙে যায়। জানার বিষয় হলো, এ ক্ষেত্রে তার থেকে ওই গ্লাসের জরিমানা নিতে পারব?
জামাল হোসেন, সাভার
উত্তর : কাস্টমারের হাত থেকে গ্লাস পড়ে যাওয়ার পেছনে যদি তার কোনো অবহেলা না থাকে, যেমন—ভালোভাবে না ধরা, গ্লাসটি বেশি নড়াচড়া করা, তাহলে গ্লাসের জরিমানা দাবি করা বৈধ নয়। অবশ্য গ্লাসটি তার হাতে যাওয়ার পর সে যদি গ্লাসটি ভালোভাবে না ধরে কিংবা তার অবহেলার কারণে সেটি পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে তার থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
লক্ষণীয় বিষয় হলো, কোনটা কাস্টমারের ত্রুটি ও অবহেলা হিসেবে ধরা হবে, তা নির্ণয় করা সূক্ষ্ম বিষয়। জরিমানার বিষয়টি নির্ভর করবে কাস্টমারের ত্রুটি ও অবহেলার ওপর। এমন ঘটনা ঘটলে অভিজ্ঞ মুফতির কাছে পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে মাসয়ালা জেনে নিতে হবে। (ফাতাওয়া তাতারখানিয়া : ১৬/৮১; ফাতাওয়া হিন্দিয়া : ৪/৩৬৮)
মুসান্নাফ ইবনে আবি শাইবায় আছে, মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) শ্রমিকের ওপর ওই সময় ক্ষতিপূরণ ধরতেন, যখন শ্রমিকের অবহেলা ও ত্রুটি প্রমাণিত হতো।
ইসলামি স্কলারদের মতে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কিছু নষ্ট করে ফেলে, কিংবা দায়িত্বে অবহেলা বা সীমালঙ্ঘনের কারণে অথবা তাদের যেভাবে বলা হয়েছে, তার বিপরীত কাজ করার কারণে কোনো কিছু নষ্ট হয়ে যায়; তাহলে সে ক্ষেত্রে বাস্তবতানির্ভর ক্ষতিপূরণ নেওয়া যাবে। (শরহু মুখতাসারিত তাহাবি : ৩/৩৯৯)
মন্তব্য করুন








