নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকাও দিয়েছেন ওই প্রার্থী।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।
জানা গেছে, শনিবার বিকেলে আজিমনগর রেলস্টেশন এলাকায় নির্বাচনি পথসভার আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু। ওই সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন। বক্তব্যের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি।
আরও পড়ুন : গুলশানের দিকে লাইন দিলে তরুণরা ছাড়বে না, প্রশাসনকে হাসনাত
এদিকে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে দলেরই নেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিএনপি। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এশিয়া পোস্টকে বলেন, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে তিনি কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন কথা বলতে পারেন না। বিষয়টি আগামীকাল কেন্দ্রে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন এশিয়া পোস্টকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সভায় তার একজন সমর্থক ওপর একজন নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ অপরাধের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন।
মন্তব্য করুন








