শাবান মাসের চাঁদ দেখতে সোমবার (১৯ জানুয়ারি) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভা থেকে জানা যাবে পবিত্র শবেবরাত কবে হবে।
রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ।
সোমবার শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবেবরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। এক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবেবরাত পালিত হবে।
উল্লেখ্য, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দবার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।
মন্তব্য করুন








