দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী বিভাগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।
তাহের বলেন, জামায়াতের ৪৩ ভাগ নারী। আমাদের বন্ধুরা মনে করে, জামায়াতে নারীদের গুরুত্ব অনেক কম। এই নির্বাচনে জামায়াতের নারীরা খুবই অ্যাকটিভ। সারা দেশে জামায়াতের নারী সমর্থকই বেশি। কারণ নারীরা শান্তিপ্রিয়। আমাদের প্রধান প্রতিপক্ষ এটা বুঝতে পেরে সারা দেশে আমাদের মহিলাদের আক্রমণ করছে, ভয়ভীতি দেখাচ্ছে, তাদের ভয় দেখানোর জন্য একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, যারা বেশি বেশি নারী অধিকারের কথা বলে তারাই নারীদের বেশি আক্রমণ করছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা। ইসির হয়তো ক্ষমতা নেই অথবা ইচ্ছাকৃতভাবে তারা এক পক্ষ হয়ে গেছে।
মন্তব্য করুন








