আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বরিশাল জেলার ৬টি আসন থেকে সাত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
তিনি জানান, বরিশাল-২ আসন থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিশের মুন্সি মোস্তাফিজুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন। বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপন ও ফকরুল আহসান মনোনয়ন তুলে নিয়েছেন।
এ ছাড়া বরিশাল-৫ আসনের জামায়াত ইসলামী প্রার্থী মুয়াযযাম হোসাইন হেলাল, এবি পার্টির মো. তারিকুর ইসলাম এবং খেলাফত মজলিশের এ কে এম মাহবুব আলমও মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান সুমন।
এর আগে, বরিশাল জেলার ছয়টি আসন থেকে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জমা দেওয়ার শেষ দিনে ৪৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়। যাচাই-বাছাইয়ে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনের ক্ষেত্রে আপিলের মাধ্যমে দুজন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা পুনরায় নিশ্চিত হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের পর নির্বাচনের মাঠে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন








