নির্বাচন শেষ হলেও উত্তাপ কমেনি। বরং সমঝোতার বৈঠক ঘিরেই আবার রক্ত ঝরল বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা এলাকায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সোনাতলায় এক দফা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে সমঝোতার জন্য উভয় পক্ষ বৈঠকে বসে। কিন্তু সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, জামায়াত সমর্থিত একটি পক্ষ অতর্কিত হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে যুবদল নেতা হালিম খান, রুহুল হক ফরাজী, ফুলসোনা বেগম, ইব্রাহিম বেপারী, মাসুম ফরাজী, সুমন ফরাজী, কবির ফরাজী, রুবেল খান, রিয়াদুল ফরাজী ও জসিম ঘরামী আহত হন।
তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, সমঝোতার জন্য বসেছিল সবাই। কিন্তু হঠাৎ করেই উত্তেজনা বাড়ে। তারপরই লাঠিসোঁটা নিয়ে হামলা হয়।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








