ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে হাসান মোল্লা (৪২) নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গুলিবিদ্ধ হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
তিনি জানান, রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষে একই এলাকায় ওয়াজ মাহফিলে যান হাসান মোল্লা। সেখান থেকে নিজ বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন








