সুনামগঞ্জের দিরাইয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে দিরাই পৌর এলাকার চণ্ডিপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি পাইপগান, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ৭টি পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে ছবিসহ এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম উজ্জ্বল মিয়া (৩৬)। তিনি দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। উজ্জ্বল মিয়া দিরাই পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়ার ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনী উজ্জ্বল মিয়াকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে বলে এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী।
স্থানীয়রা জানান, উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে খুন, নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। পাঁচ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। উজ্জ্বল মিয়াকে সম্প্রতি নিজ বাড়ি ও দিরাই পৌর এলাকাসহ আশপাশ এলাকায় দেখা গেছে।
এ বিষয়ে গ্রেপ্তার উজ্জ্বল মিয়ার বাবা দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাদের এক স্বজন জানিয়েছেন, উজ্জ্বল দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই বাড়িতে থেকেই চিকিৎসা করছিলেন। শুক্রবার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করে শুক্রবার গভীর রাতে থানায় হস্তান্তর করেছে। আসামির সঙ্গে ১টি বিদেশি পিস্তল, পাইপগানের পাইপ, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ৭টি পাসপোর্ট ও দেশীয় অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








