চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখেরআলী-বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সভাস্থলের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলীর সমর্থনে একটি নির্বাচনি পথসভার প্রস্তুতি চলছিল। বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করীম অভিযোগ করেন, প্রস্তুতি চলাকালে আকস্মিকভাবে বিএনপির নেতাকর্মীরা সভাস্থলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সভাস্থলে থাকা বেশ কিছু চেয়ার ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। যদিও এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এশিয়া পোস্টকে জানান, নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউই লিখিত অভিযোগ করেননি।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ এশিয়া পোস্টকে বলেন, জামায়াতের পথসভা স্থলে একটি ঝামেলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি।
মন্তব্য করুন








