ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। আর ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন








