দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে স্কুল মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জোহাসেবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই ১১ শিক্ষার্থী মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশু মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউরোনিউজ জানায়, শিক্ষার্থীবাহী মিনিবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল প্রায় ৭টার দিকে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
গাউতেং জরুরি পরিসেবা জানিয়েছে, দুর্ঘটনায় আহত পাঁচজনকে সেবোকেং হাসপাতালে এবং আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিনিবাসটির চালকও আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট স্কুলগুলোকে জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা প্রদান করা হবে।
এক বিবৃতিতে রামাফোসা বলেন, ‘আমাদের শিশুরাই জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার নিয়ম মেনে চলা এবং শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত যানবাহনের মান নিশ্চিত করা জরুরি।’
এদিকে, দক্ষিণ আফ্রিকার মৌলিক শিক্ষামন্ত্রী সিভিওয়ে গোয়ারুবে বলেন, স্কুল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেক দুর্ঘটনাই চালকের অবহেলার কারণে ঘটে। তিনি শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলোর রাস্তার উপযোগিতা নিশ্চিত করতে পরিবহন বিভাগের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন






