চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের হামলায় আব্দুল মোতালেব নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে। একই ঘটনায় চারজন গুরুতর আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।
নিহত আবদুল মোতালেব র্যাব-৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিকেলে জঙ্গল ছলিমপুরে র্যাব-৭ অভিযানে যায়। সে সময় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিএডি মোতালেবের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন।
মন্তব্য করুন








