মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি বসতবাড়ির পাশে ধানের জমিতে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে এ গ্রেনেডটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুর আছে। সেই পুকুরে কয়েক দিন আগে মাছ মারা হয়েছে। এ সময় গ্রেনেডটি পাওয়া যায়। তবে না বুঝেই পাশেই একটি ধানের জমিতে সেটি ফেলে দেওয়া হয়। আজ সকালে মিন্নত আলী ঘাস কাটাতে গেলে গ্রেনেডটি দেখে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।
স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গত বছরের জুলাইয়ে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এশিয়া পোস্টকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।
মন্তব্য করুন








