গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেয়। শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জনগণের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কিংবা শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে আসবে।
এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








