আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেড়টার দিকে মৌলভীবাজারের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন তিনি।
জেলার সদর উপজেলার শেরপুর ইউনিয়নের আইনপুর মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান। দলীয় প্রধানকে একনজর দেখতে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন কয়েক হাজার নেতাকর্মী।
সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষ নেতসহ বিভিন্ন উপজেলা ও ইউনিট কমিটির নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হচ্ছেন। মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে এই নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। এতে প্রধান অতিথির সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসের রহমান।
এর আগে, সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেন। ওই জনসভা শেষে সড়কপথে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেওয়ার জন্য রওয়ানা হয়েছেন।
এদিকে, তারেক রহমানের আজকের সমাবেশকে ঘিরে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
মন্তব্য করুন








