গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থানকে আইনগতভাবে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রিয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই সনদ সেই সুযোগ তৈরি করে দেবে।
জুলাই সনদ নিয়ে নানা অপপ্রচারের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী—এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা দরকার।
সভায় বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বক্তব্য দেন।
মন্তব্য করুন








