ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার মধ্যেই তারেক রহমানের জনসভা মঞ্চের ডান পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে অবস্থান করছেন শহীদ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও কোনো বিশেষ বা ভিআইপি আসনে বসছেন না। তার জন্যও অন্যদের মতোই সাধারণ চেয়ার রাখা হয়েছে।
সমাবেশস্থল এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভামঞ্চে উপস্থিত হয়েছেন। বেলা সাড়ে ১১টায় দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে পৌঁছার কথা রয়েছে।
এর আগে, বুধবার রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে আসতে থাকেন। কেউ ব্যানার হাতে, কেউ দলীয় পতাকা নিয়ে মাঠের আশপাশে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল হতেই মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ পূর্ণ হয়ে যায়।
এদিকে বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালালের (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।
সবশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেটে এসেছিলেন। দীর্ঘ ২০ বছর পর সিলেটে এসে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করছেন। বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।
মন্তব্য করুন








