‘আমার হাঁস (প্রতীক) আমার চাষ করা ধান খাবে’— বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি জানান, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানান। একদিন কষ্ট করার জন্য তাদের অনুরোধ করেন তিনি।
ব্যারিস্টার রুমিন বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর হালচাষ করে, বীজ দিয়ে ধান লাগিয়েছি, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। আমার হাঁস (প্রতীক) আমার চাষ করা ধান খাবে।
মন্তব্য করুন








