ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘মব’ সৃষ্টি করে বাধা দেওয়ার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাতে তিনি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এ ব্যাপারে চিঠি লিখেছেন।
চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী হাকিম শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী হাকিমকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙ্গুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন।
চিঠিতে আরও বলা হয়, এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত হাকিমকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রুমিন ফারহানার হুমকিমূলক বক্তব্যের ভিডিওর একটি লিঙ্ক দেওয়া হয়।
মন্তব্য করুন








