ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তাকে এই প্রতীক বরাদ্দ দেন।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। এই নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিষ্কার করে।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালেন। তিনি এ প্রতীকটি বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি খুশি।
এদিকে নিজের কর্মী-সমর্থকদের ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, কারও উসকানিতে পা দেওয়া যাবে না।
এর আগে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগ্বিতণ্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন








