মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।
মন্তব্য করুন








