
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় খানাখন্দে ভরা সড়ক নিজ অর্থায়নে সংস্কার করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ। এতে সড়কটি পথচারী ও যানবাহন চালকদের জন্য সাময়িকভাবে চলাচলের উপযোগী হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় বড় খানাখন্দে রাবিস ও খোয়া ফেলে রোলার মেশিনের মাধ্যমে সংস্কার করা হয়।
স্থানীয়রা জানান, পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত ব্যস্ততম এই সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে বেহাল দশার কারনে যানবাহন চলাচলে সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি ও কাদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে আশেপাশের স্কুল ও কোচিং শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি বাজারে আসা লোকজনদের ভোগান্তি পোহাতে হয়। এখন সড়কটি দিয়ে চলাচলে স্বস্তি মিলবে বলে তারা জানান।
সড়কটি সংস্কারের সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুন্নাফ চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম চঞ্চল, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।
এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে আপাতত সড়কের খানাখন্দগুলোতে খোয়া ও রাবিস দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।




