মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের মতবিনিময় সভা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার।’ বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের দেশ। এ দেশে কোনো বৈষম্য থাকবে না। সবাইকে সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। মুকসুদপুরে যেন সবাই নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এ বছর উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাফিসুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবিরুল ইসলাম এবং মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন।
সভাটি সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন।
এ সময় বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মিহির কুমার বিশ্বাস, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার বাড়ৈ, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শিশির মন্ডল, মুকসুদপুর সদর বাজার কমিটির সাধারণ সম্পাদক অখিল সাহা, সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল ও সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ সরকার, উজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রানা ঠাকুর, দীপক কুমার বাকচী, প্রমথ রঞ্জন রায় এবং অরুণ কুমার বাড়ৈ।
সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান লিপু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুল হাসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।