সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
যেসব কাজগপত্র সঙ্গে আনতে হবে
নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের কাউন্সিলরের প্রদত্ত নাগরিকত্ব সনদও আবশ্যিক।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সব কাগজপত্র ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। এরপর প্রার্থীদের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। এ সময় ফটোকপি জমার পাশাপাশি মূল কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদর্শন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিকের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ প্রার্থী।
ছয় শর্তে প্রার্থীদের নির্বাচিত
গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয়টি শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে:
১. এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্তত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না।
২. প্রকাশিত ফলাফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. কোনো প্রার্থী ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য দিলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে।
৪. প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 'সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫' অনুসরণ করে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
৫. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
৬. মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে।
মন্তব্য করুন


