অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি বিষয়ে বিদেশে অর্জিত ডিগ্রি নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষাপটে বিএমডিসির ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রখ্যাত বন্ধ্যত্ব চিকিৎসা বিশেষজ্ঞ ডা. মৃণাল কুমার সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর ডা. মৃণাল কুমার সরকার এমন অভিমত জানান।
বাংলাদেশের আইভিএফ ও এআরটি চিকিৎসাপদ্ধতির অগ্রদূত ডা. মৃণাল কুমার সরকার বলেন, বিশ্বজুড়ে স্বীকৃত ও ব্যবহৃত একটি বিশেষায়িত মেডিকেল ডিগ্রি বাংলাদেশে ‘অজানা’ হিসেবে বিবেচিত হওয়াই মূল বিভ্রান্তির কারণ। এ কারণে সমালোচনা ও জটিলতা তৈরি হয়েছে।
তার মতে, কোনো ডিগ্রি নিয়ে প্রশ্ন থাকলে তা যাচাই ও নীতিগত সমাধানের পথ খোঁজা উচিত ছিল। কিন্তু বিষয়টি না বুঝেই প্রশাসনিক সিদ্ধান্তে যাওয়া বিভ্রান্তি আরও বাড়িয়েছে।
এর আগে সম্প্রতি ডা. এসএম খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও পরবর্তী সময়ে বিএমডিসির শোকজ নোটিশ জারির ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
মৃণাল কুমার সরকার জানান, ক্লিনিক্যাল এমব্রায়োলজি একটি তুলনামূলকভাবে নতুন ও অত্যন্ত বিশেষায়িত সাবস্পেশালিটি। সমস্যার মূল জায়গাটা ছিল, বিএমডিসি তখন এই ডিগ্রিটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। তারা প্রশ্ন করেছিল, এটি কিসের ডিগ্রি? এর কাজের পরিধি কী?
তার মতে, বিষয়টি নতুন হওয়ায় নীতিনির্ধারকদের মধ্যে এটিকে কীভাবে বিদ্যমান কাঠামোর মধ্যে ফেলা যায় বা কোন ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া যায়, সে বিষয়ে স্পষ্ট ধারণার অভাব ছিল।
এই ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, অধ্যাপক টিএ চৌধুরী এবং অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি সোসাইটির (ওজিএসবি) মাধ্যমে আমরা বিএমডিসিতে বিষয়টি রেকগনাইজ করানোর চেষ্টা করেছি। এমনকি ডা. খালিদুজ্জামানকে কোনো পদে পদায়নের আগেই এটি রেগুলারাইজ বা বিএমডিসির কগনিজেন্সে আনার চেষ্টা হয়েছিল। তবে বিষয়টি অপরিচিত হওয়ায় নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।
এটি কোনো ব্যক্তিগত বা ব্যতিক্রমী ঘটনা নয়; বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে দেশের নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তুতির ঘাটতির প্রতিফলন বলে মনে করেন ডা. মৃণাল কুমার সরকার।
তিনি বলেন, ক্লিনিক্যাল এমব্রায়োলজি বিশ্বে সুপ্রতিষ্ঠিত একটি সাবস্পেশালিটি। অথচ আমাদের দেশে এটিকে ‘আননোন’ হিসেবে দেখা হয়েছে, এটাই বড় সমস্যা।
ডা. মৃণাল কুমার মনে করেন, বিশ্বে প্রচলিত ও প্রমাণভিত্তিক চিকিৎসা শাখাগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে ভবিষ্যতেও এ ধরনের বিতর্ক তৈরি হতে পারে।
ডা. মৃণাল কুমার সরকার আশা করে বলেন, চিকিৎসাবিজ্ঞানের এই ধরনের বিশেষায়িত শাখা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে স্পষ্টতা আসবে। যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকরা নীতিনির্ধারণী পর্যায়ে এলে এসব ডিগ্রির প্রয়োজনীয়তা ও ব্যবহারিক গুরুত্ব বোঝানো সহজ হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তির পুনরাবৃত্তি হবে না।
মন্তব্য করুন








