ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে নির্বাচনে অংশ নিতে কাইয়ুমের আর বাধা থাকল না।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, জহিরুল ইসলাম মূসা। কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
এর আগে, কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রিটে কাইয়ুমের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং নির্বাচনি হলফনামায় সেই তথ্য ‘গোপনের’ অভিযোগে আনা হয়।
মন্তব্য করুন








