ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আজ সাধারণ মানুষ স্বাধীনভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইকে গুম ও হত্যা করা হয়েছে। আজ সেই ত্যাগের বিনিময়ে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পেয়েছি। আমাদের মুরুব্বিরা যারা ১৭ বছর নিজের মত প্রকাশের অপেক্ষায় ছিলেন, আজ তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে।’
তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা তরুণদের চিন্তাভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
প্রতিপক্ষ রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন, ‘গতকাল রাত থেকে জামায়াতের প্রোপাগান্ডা ও তাণ্ডব লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে বিপুল পরিমাণ টাকাসহ তাদের অনেককে গ্রেপ্তার করেছে। আমি ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের ওপর দেশের দায়িত্ব কখনও দেওয়া যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সক্রিয় থাকলেও সাধারণ মানুষ ভোটের মাধ্যমেই তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন








