নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় এনসিপি।
ওই পোস্টে এনসিপি উল্লেখ করে, ‘আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি।’ পাশাপাশি একটি ছবিও সংযুক্ত করা হয়েছে।
এর আগে, এনসিপির নির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিয়েছেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি। জামায়াত এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেন।
মন্তব্য করুন








