বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধীদলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের ৬০ ফিট এলাকার মনিপুর স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।
জামায়াত আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।
মন্তব্য করুন








