তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেওয়া শোকবার্তায় তিনি বলেন, ব্যক্তিগত জীবনে এম হাফিজ উদ্দিন খান আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।
প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রসেবায় হাফিজ উদ্দিন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী ছিলেন। তার নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
‘হাফিজ উদ্দিন খান কর্মজীবনে যে সততা, নিষ্ঠা ও দক্ষতা দেখিয়েছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে হাফিজ উদ্দিন খান বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
এছাড়া ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাফিজ উদ্দিন খান।
মন্তব্য করুন








