নির্বাচনি প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করায় পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।
জানা গেছে, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড, ব্যানার দেওয়ায় তাকে শোকজ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে বলা হয়, রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন








